কবিতাঃ সুব্রত চেল

 খোলামেলা জীবন

ভাগ হয়ে যাক

জীবন আর বইতে পারিনা।

এত ভারী জীবন এত না ভালোবাসা জীবন

এত ক্রিটিকাল জীবন

ভেঙ্গে টুকরো হয়ে যাওয়া জীবন জোড়া লাগা জীবন

বইতে পারি না।

কিছুটা মাঠের শেষ প্রান্তে রেখে আসি

কিছুটা পশ্চিমে

কিছুটা কুলিমজুরের মাথায় চাপিয়ে দিয়ে বলছিঃ

অই দেখ গঙ্গাসাগর এক্সপ্রেস ছাড়িয়ে।

 

অনেক আলো দিয়েছি

ছাতা ধরেছি মাথায় রোদজল থেকে বাঁচানোর জন্য

সেই জীবনের সঙ্গে

তালাক তালাক তালাক।

 

তুমি নেই আমি নেই

কবিতাতেও মাঝে মাঝে বিরক্তিকর লাইন লেখা হয়।

হাই ওঠার মতো লাইন লেখা হয়।

নদীতে ভেঙে যাওয়ার মতো লাইন লেখা হয়।

 

এপাড়া থেকে ওপাড়া যেতে যেতে সরু রাস্তা গলি

                                      মজা ডোবা সবই আছে।

সূর্যোদয় আছে চন্দ্রোদয়ও আছে।

আমাদের কবিতায় এতো কিছু আছে।

লজ্জা ও শরম দুই-ই আছে।

কাছাকাছি আছে ঘেসাঘেসি আছে

শুধু তুমি নেই আমি নেই

গ্রামের পর গ্রাম পেরিয়ে যাচ্ছি

গ্রামের পর গ্রাম পেরিয়ে যাচ্ছি।

1 টি মন্তব্য:

  1. দারুণ কবিতা। ব্যতিক্রমী ভাবনা। পড়তে ভালো লাগলো। কবিকে ধন্যবাদ।

    উত্তরমুছুন

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...