কবিতাঃ সূর্য মণ্ডল


গাছমানব

ঝড় নিয়ে গত কয়েকদিন চর্চা হচ্ছে খুব

***

একটি মিডিয়া হাউস জানাচ্ছে এই ঝড় দানবের মতো

আর একটি মিডিয়া হাউস বলছে রাক্ষসের মতো

ঝড়ের নাম নিয়ে সন্ধ্যের টক শোয়ে বলছে আবহাওয়াবিদেরা

***

সকল মিড়িয়া জানিয়েছে ল্যান্ডফলের এর লাইভ দেখা যাবে একমাত্র তাদের চ্যানেলে

***

ঝড় দীঘা থেকে আর আশি কিলোমিটার দূরে

ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার 

ঝড় পারাদীপ থেকে বাঁক নিতে পারে ঝাড়খণ্ডের দিকে

***

সাজসাজ রব

***

ঘর ছেড়ে গ্রাম ছেড়ে সবাই চলে যাচ্ছে অস্থায়ী ত্রাণ শিবিরে

পকেটে সুরক্ষা কবচের মতো আধার কার্ড

মাথার উপরে সস্তার ত্রিপলের মতো মেঘ

তবে বয়স্করা 

যাদের হাতদুটি গাছের ডালপালার মতো

যাদের পা দুটি গাছের শেকড়ের মতো 

তারা মাটি কামড়ে পরে রইল ঘরের

***

ঝড় এল যথারীতি 

দরজা খটখট করে ডাকল গাছমানবদের

তারপর বলল চলো তোমাদের পৌঁছে দিই নিরাপদ আস্তানায় 

ওখানে আধারকার্ড না হলেও চলে।

 

ভয়

একটা রাক্ষস রাস্তা আগলে দাঁড়িয়েছে

***

কি চাও তুমি? 

***

মোবাইল টুপি জামা গেঞ্জি 

যা ছিল সঁপে দিলাম চরণে তোমার

এই দিলাম জুতো, দামি গ্যাসলাইটার, হাতঘড়ি।

***

পথ ছাড়।

***

লোভ সম্বরণ করো, না হলে

এবার ঘটে যাবে কাণ্ড একখান রক্তারক্তি 

এবার না হলে আমি বুক চিরে 

বের করে দিতে পারি 

হৃৎপিন্ড আমার।

তখন কি করবে তুমি?

***

তুমি কি শোননি কখনও হৃৎপিন্ডদের জাতিপ্রীতির কথা।


ছবিঃ রৌণক লাই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...