দূরত্ব
পাখির মতন দূর থেকে দেখি
কীভাবে বসত বাড়ি ভেঙে যায় খন্ড খন্ড হয়ে
মানুষ বন্ধক রাখে প্রাণহীন নগর জীবন
অশরীরি আকাশের কাছে।
#
অবজ্ঞার কাছে আরো বেশি কিছু দাবি রাখা যায়
রক্তের বদল রক্ত, মাটির বদল মাটি, আর
পরিবর্ত তুমি,
অথবা
তুমিহীন বাকিটা সময়...
শীতঘুম
আরো কিছুদিন এভাবেই জেগে থাকতে চাই
এই পৃথিবীতে...
সময় পিছিয়ে যায়
এখন শিশুর মতো জলজ চেতনা মিশে থাকে
শরীরে, প্রত্যঙ্গে আর
ধারণে অক্ষম কোন ছায়ামানবীর কোলে
#
প্রেমিক জীবন নিঃস্ব হয়ে গেলে
শরীর আশ্রয় খোঁজে কালোডানা পাখির পালকে
দেহের ভেতর তাপ, তাপের ভেতর থেকে
গোপনেই আসে জ্বর।
এ এক হারিয়ে যাওয়া,
ফুলের মতন, মৃত্যু পরবর্তী জন্মের মতন।
সেখানেই সরাসরি বসে
নিজেকে লিখছি রোজ
নৈঃশব্দের অচেনা চরাচর...

খুব সুন্দর। পড়ার পরেও দীর্ঘক্ষণ হৃদয়ে ভালোলাগাটা থেকে যায়।
উত্তরমুছুন