কবিতাঃ কিশলয় রহমান

 



ইচ্ছে

এখন একটু একা থাকতে চাই

ভীষন একা…

 

শুধু আমি আর আমার ছায়া।

 

সময়ই নেই ছায়ার সঙ্গে কথা বলার,

স্মৃতির সাগরে ডুব মারার।

 

আমি এখন শুধু মগ্ন থাকতে চাই

আমার ছায়ার সঙ্গে, ছায়ার ওপর

পড়ে থাকা শুকনো কৃষ্ণচূড়া, রাধাচূড়ার সঙ্গে

 

এখন একটু একা থাকতে চাই

ভীষন একা…

 

কতদিন একা হাঁটিনা জমির ওই

আলপথ ধরে পড়ন্ত বিকেলে,

ডুবন্ত সূর্যের সাথে কথা বলতে বলতে

ঘরে ফেরা পাখি গুলোর

রোজনামচা শুনতে শুনতে।

কতদিন খোঁজ নিই নি

ধান গাছটার সবুজ পাতাগুলোর…

ওরা ভালো আছে?

 

এখন একটু একা থাকতে চাই,

ভীষন একা…

ঠিক ওই কালো কঙ্কালসার একাকি শিশুর মত

যে অপেক্ষারত ক্ষুধার্ত শকুনকে

জিজ্ঞাসা করতে চেয়েছিল

কালো মাংসের স্বাদ ঠিক কেমন…

 

এখন একটু একা থাকতে চাই,

ভীষন একা…

মহাপ্রস্থানের পথে সারমেয় রুপী

ধর্ম ছাড়া যুধিষ্ঠিরের মত একা…


‘বসন্তের বজ্র নির্ঘোষ’

(মইদুল স্মরণে)

শীত বিলীয়মান, বসন্তের আবাহনে নেই

কোকিল-ডাক, থমকে গেছে পলাশের কুঁড়ি-

ঝরে পড়ে অকাল বার্ধক্যে…

নাকি লজ্জায়? আদিগন্ত সর্ষে-হলুদ

কেমন যেন ফ্যাকাশে

 

প্রকৃতির লজ্জা উদাসীনতায়

বাঙ্খময় শুধু একটা টোটো,

মালিকের অধীর প্রতীক্ষায়-

এক মরচে ধরা যান,

যেন এক হাতিয়ার… দু’মুঠো ভাত…

তিলোত্তমা আজ ধর্ষিতা…

"আমি আর বাঁচবুনি"- কাতর ডাক

ঘুম কেড়ে নেয় হিংস্র হায়েনাদের…

 

আর ‘বসন্তের বজ্র নির্ঘোষ’-

"আমি বাঁচবো, আমরা বাঁচবো, মইদুল”

লক্ষ-অযুত মইদুলের ঘোষণা…

 

পলাশ রঙে আকাশ ছেয়ে যায়…


ছবিঃ মনোহর মন্ডল

৩টি মন্তব্য:

  1. অসাধারণ দুটি কবিতা, মন ছুঁয়ে গেল

    উত্তরমুছুন
  2. অসাধারণ দুটি কবিতা, মন ছুঁয়ে গেল, কবির আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম..... কবিকে আমার আন্তরিক অভিনন্দন জানাই 🙏

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর লেখা। মন ভরে গেল। কবিকে অসংখ্য ধন্যবাদ।

    উত্তরমুছুন

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...