দু'জন
--- আচ্ছা দাদা সাধন বাবুর বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন?
--- আজ্ঞে হ্যাঁ, কেন পারবনা? উনি তো আমার পাড়াতেই থাকেন। আসুন আমার সঙ্গে। আমি তো ওই দিকেই যাচ্ছি। ওঁকে কে না চেনে এই এলাকায়? অত্যন্ত ভদ্র, অমায়িক মানুষ। ওই তো ওঁর বাড়ি দেখা যাচ্ছে। যান, সোজা চলে যান।
কলিংবেল টিপতেই সাধনবাবু বেরিয়ে এলেন। একগাল হেসে বললেন আরে রমেনবাবু যে! কি সৌভাগ্য আমার! আসুন আসুন। পথ চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো?
--- না না কোনো অসুবিধা হয়নি। আপনার পাড়ার একটি ছেলেকে বললাম আপনার কথা। সেই আপনার বাড়ি অবধি আমাকে পৌঁছে দিয়ে গেল।
--- আমার পাড়ার ছেলে? কী নাম বলুন তো?
--- নাম? ওর নামটা যেন কী বলল? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বাদল, বাদল বসু।
--- বাদল? আপনি আমার বাড়ির ঠিকানা খোঁজ করার আর লোক পেলেন না? আমি তো ওর সঙ্গে কথাই বলিনা। অভদ্র, চরিত্রের ঠিক নেই।একেবারে বাজে লোক মশাই।
স্পর্শ
কতদিন পর মিনু মাসিমা এলেন! জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল রিঙ্কুর। কিন্তু ধরল না। একসময় প্রতিবেশী ছিলেন তিনি। বছর খানেক হল বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছেন। তারপরে এই প্রথম দেখা। কী যে ভালোলাগছে ওর! মাত্র ছত্রিশ বছর বয়েসে যখন স্বামীকে হারালো ও তখন এই মিনু মাসিমাই দিনের পর দিন তার পাশে থেকেছেন। তাকে জড়িয়ে থেকেছেন মায়ের মতো করে। তিনি মাথায় হাত রাখলে মনে হত পৃথিবীর কোনো অ-সুখ আর রিঙ্কুকে স্পর্শ করতে পারবেনা। ওই হাত দুটোর ছোঁয়া পাওয়ার জন্য উতলা হয়ে থাকত সে।
সদ্য স্বামীকে হারিয়ে মিনু মাসিমা আজ ছুটে এসেছেন রিঙ্কুর কাছে প্রাণের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য। একসময় দুজনের কত কথা, কত গল্পই যে হত! অসমবয়সী বন্ধুত্ব। মিনু মাসিমা সোফায় বসলেন। বসার সময় সোফার হাতলে ভর দিয়ে বসলেন। ঠিক কোন জায়গাটায় ভর দিলেন দেখল রিঙ্কু। উল্টো দিকের চেয়ারে কয়েক হাত তফাতে বসল সে। মাসিমা বলে চলেছেন তাঁর স্বামীকে হঠাৎ করে হারিয়ে ফেলার বৃত্তান্ত। বলতে বলতে দু'চোখ বেয়ে জলের ধারা। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলেন, "জানিস রিঙ্কু শেষ সময়ে কী যেন বলতে চাইছিলেন উনি আমাকে, পারলেননা, জিভ জড়িয়ে গেছিল", বলেই সোফাটা খামচে ধরলেন। রিঙ্কু দেখছিল সোফার ঠিক কোন জায়গায় খামচে ধরলেন তিনি। ঘরে ঢোকার সময় থেকে এখন পর্যন্ত কোন কোন জায়গা গুলোতে মিনু মাসিমার হাতের ছোঁয়া লাগছে দেখছিল রিঙ্কু। খুব খুঁটিয়ে দেখছিল কোথায় কোথায় করোনা ভাইরাস নিঃশব্দে ঢুকে যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন