ভাষা ও ফুল
এই কালো স্রোতে আমরা ছিলাম
কালো কালো নুড়ি পাথর এসে
জড়ো হয়ে আছে আমাদের চৌকাঠে
দেহগুলি গতকাল হাটে-বাজারে
ঘুরে-ঘুরে এসে আজ মৃতদেহ হয়েছে
মৃতকে বিদায় দেবার ভাষা ও ফুল
নিঃশব্দে বদলে গেছে
বিদায় জানাবার অশ্রু পালটে
রাতারাতি হয়েছে ধূসর বিন্দু
মৃতদেহগুলির একা একা পুড়তে কষ্ট
হচ্ছে
নিজে নিজে জ্বলে উঠবার চেষ্টায়
ওরা কি চিতা থেকে পড়ে যাচ্ছে,
কে ওদের দেহখণ্ড কুড়িয়ে
চিতায় তুলে দিচ্ছে আবার?
নক্ষত্রের কাছাকাছি
খাদ্য আমাকে খেতে শুরু করলে
পাকস্থলীর ভেতর শুরু হয়
গান আর নাচ-- নাচ আর গান।
দূরে, বহুদূরে নিঃশব্দে প্রস্তুত
হতে থাকে
গান-থামানো ক্যাপসুল
নাচ-থামানো ট্যাবলেট
উপরে-- বহু উপরে-- নক্ষত্রের
কাছাকাছি
জ্বলতে থাকে অসুখ
সারারাত দিপদিপ মিটমিট জ্বলে-থাকা
অসুখের দিকে চেয়ে চেয়ে
নিভতে শুরু করে অজস্র স্থির
চোখ...
ঢেউয়ের মতো এঁকেবেঁকে
এগোতে থাকে আকাশ!
ছবিঃ মনোহর মন্ডল

ঝরঝরে কবিতা। হোঁচট না খেয়ে সবটা পড়ে নেওয়া যায়। কবিকে ধন্যবাদ।
উত্তরমুছুন