কবিতাঃ ঋষিগোপাল মণ্ডল

 



ছোট লেখা -১


 ম্যাজিক

 

সকাল থেকে ঠায় উইন্ডোসিটে বসে

সন্ধ্যা নামালাম তোমার অনামিকায়

 

ফেরার আগে মৃগ আর মায়া রেখে

এলাম তৃণাঞ্জনপ্র্রিন্ট বালিশের তলায়

 

এরপরও বলবে এসব ম্যাজিক নয় !

 

 পাপ

 

একটা পাড়া

একতলা বাড়ি

দুয়ারে মাধবীলতা

জানালায় আধেক পর্দা

 

ফুলছাপ।

 

হারমোনিয়ামে গীতবিতান

খোলা খাতার হাওয়ায় ওড়ে গানের মাস্টার।

 

হাওয়ায় পাপ

 

 কৃষ্ণচূড়া

 

ফুলের গোপনে বীজ রাখি

গলির শেষে পাড়া

 

পাড়ার জন্য শান্তিকল্যান

নিজের ? কৃষ্ণচূড়া !

 

 ঘর

 

অনেকটা মাটি নিও

কিছুটা খড়

টগরের বেড়া দিও

এই তো ঘর

 

ঘরেতে ধূপ দিও

নারীকে নর

ভোরভোর কবিকে

বলেন ঈশ্বর

 

শীতলপাটি

 

যেভাবে তুমি আমাকে জড়াও

ভোরকে জড়ায় রাত

আঙুলআদরে আঙুল জড়ালে

নিজস্ব জলপ্রপাত

             

যে যার মতো নিজে ভিজে যায়

ভেজে গাছ ঘরদোর মাটি

অনেকেই ঘুমে একলা ভেজে

সাক্ষী শীতলপাটি


ছবিঃ অনুষ্টুপ লাই

1 টি মন্তব্য:

  1. চমৎকার। বারবার পড়তে ইচ্ছে করছে। কবিকে আন্তরিক অভিনন্দন এমন সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।

    উত্তরমুছুন

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্...