ফুচকাওয়ালার স্বীকারোক্তি
বেঁচে থাকব বললেই তো আর
থাকা যায় না
তার জন্য অভ্যেস লাগে
আর লাগে একটা বৃত্ত
ডেকচির ভেতর নড়ে ওঠে মাগুরমাছ
সারাবাড়ি খুঁজে ফেরে
কাঁচা লংকা ও পাতলা ঝোল
ডুবে মরবে বলে
তুমি বারান্দায় বসে বসে এত কিছু দেখছ
তারপরও বেঁচে থাকার পরিশ্রম করো
মোড়ে দাঁড়িয়ে বিড়ি হাতে
আগুনের খোঁজ করো
সময় নিচ্ছ ― নাও
একদিন ঠিক শিখে যাবে
বাঁচতে গেলে
একটা টিভির
অনেকগুলো চ্যানেল হয়ে বাঁচতে হয়
পার্বতীর ছেলে
শেষ ট্রেনের অপেক্ষায়
লাইনে দাঁড়িয়েছি
তুমি অন্ধকারে বসে হাততালি দিচ্ছ
চাপানো চায়ের জলের মতো হৈ হৈ করছ
একটার পর একটা ঘন্টা নাগালের বাইরে গিয়ে গা ঢাকা দিচ্ছে
বাড়িতে আজন্ম কাঙাল ভাতের হাঁড়ি
শিবু কান পেতেছে মায়ের কোলে
বাবার ফিরে আসা শুনবে বলে
শিবু জানে না দিল্লি কতদূর
হেঁটে আসতে কত সময় লাগে
শিবু অপেক্ষা করছে বাবার
বাবার কাছে অপেক্ষা করছে শিবুর একজোড়া নতুন চটি
দারুণ কবিতা। পড়ে আনন্দ পেলাম।
উত্তরমুছুন